শনিবার (৭ মার্চ) সকাল থেকে উপজেলার মোহাম্মদিয়া ও নিমতলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে তেল নেওয়ার জন্য যানবাহন ও গ্যালন হাতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। তবে দুপুর গড়াতেই বেশ কয়েকটি স্টেশনে জ্বালানি মজুদ শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি অনেক চালক। অনেক ভুক্তভোগী একে কৃত্রিম সংকট বা সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করেছেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ডিপো থেকে সময়মতো সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোহাম্মদিয়া ফিলিং স্টেশনের ম্যানেজার ইয়ামিন রহমান জানান, পাম্পের ট্যাংকে মজুদ শেষ হয়ে যাওয়ায় তারা সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
নিমতলা ফিলিং স্টেশনের ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, ডিপোতে তেলবাহী লরির দীর্ঘ জট থাকায় গত দুই দিন পাম্পে নতুন তেল আনা সম্ভব হয়নি। শনিবার ডিপো বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। আশা করছি, আগামীকাল তেল আসলে সরবরাহ স্বাভাবিক হবে।
জ্বালানি সংকটের কারণে উপজেলায় বাস, লেগুনা ও পণ্যবাহী ট্রাকসহ কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পগুলোও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মতামত