জানা গেছে, ভোর ৬টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তবে সেই আঘাত তার শরীরে না লেগে মোটরসাইকেলের সামনের অংশে লাগে। এ সুযোগে অন্য দুই ছিনতাইকারী তার কোমরে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে সদর মডেল থানা পুলিশ এলাকায় তৎপরতা বাড়ায়। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, নিতাইগঞ্জ এলাকার ওই অংশটি দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। আশপাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও ভোর কিংবা গভীর রাতে পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত