সারাদেশ

রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ ও মুক্তিপণ আদায়: প্রশাসনের অভিযানে উদ্ধার

প্রিন্ট
রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ ও মুক্তিপণ আদায়: প্রশাসনের অভিযানে উদ্ধার

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১১:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক মাইনুল ইসলাম মাহিনকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার কর্ণগোপ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। দীর্ঘ শ্বাসরুদ্ধকর অভিযানের পর ওইদিন রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ ও সাংবাদিকরা।

ভুক্তভোগী মাইনুল ইসলাম মাহিন দৈনিক ঘোষণা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এবং পূর্বাচল প্রেসক্লাবের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী মাহিনের পথরোধ করে বুকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক দুটি সিএনজিতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে গোলাকান্দাইল ইউনিয়নের কুশাব এলাকার একটি গোপন আস্তানায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

রাত সাড়ে ১০টার দিকে মাহিনের স্ত্রী ২৫ হাজার টাকা পাঠালে এবং পুলিশ ও সংবাদকর্মীদের সাঁড়াশি অভিযানের মুখে অপহরণকারীরা মাহিনকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, দামী মোবাইল ফোন এবং বিকাশ-উদ্যোক্তা অ্যাকাউন্ট থেকে অর্থসহ প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয় সন্ত্রাসীরা।

রূপগঞ্জ প্রেসক্লাব ও পূর্বাচল প্রেসক্লাবের নেতৃবৃন্দের অনুরোধে সার্কেল এএসপি মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশের তিনটি টিম এবং সাংবাদিকদের পাঁচটি দল উদ্ধার অভিযানে নামে। তীব্র চাপের মুখে সন্ত্রাসীরা মাহিনকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় মাহিনের স্ত্রী মাকসুদা রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে নির্বাচিত সরকারের আমলে সাংবাদিক অপহরণের ঘটনায় স্থানীয় জনমনে এবং সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা ও স্থানীয়রা অবিলম্বে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেছেন।