সারাদেশ

সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান: এক রাতে গ্রেফতার ১৪

প্রিন্ট
সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান: এক রাতে গ্রেফতার ১৪

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১১:৪২

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এই অভিযানে উপজেলার চিত্রকোট ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন মাদক মামলার আসামি এবং ১০ জন পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মাদকবিরোধী অভিযানে তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।