সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এলজিইডির ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলমান

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে এলজিইডির ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলমান

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, বিকাল ৫:৪১

ঠাকুরগাঁও জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে কৃষিপণ্য সরবরাহ সহজ করতে পরিবেশবান্ধব গ্রামীণ রাস্তা, ব্রিজ-কালভার্ট ও সিসি সড়ক নির্মাণ প্রকল্পে গতি আনা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় দেশব্যাপী উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ সহজীকরণ প্রকল্প এবং গ্রাম সড়কে স্বল্প দৈর্ঘ্যের রাস্তা (সিসি) নির্মাণ শীর্ষক সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি পরিকল্পনা ও সংশোধন পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহিষ্ণু উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন জানান, নতুন প্রকল্প প্রণয়নে কারিগরি কমিটির নির্দেশনা ও মতামত গ্রহণ করা হচ্ছে। এছাড়া রাষ্ট্রীয় নীতিনির্ধারণী লক্ষ্যমাত্রা ও নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে পল্লী অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা সাজানো হয়েছে। প্রকল্প এলাকায় চলমান অন্যান্য কার্যক্রমের তথ্যাদি বিশ্লেষণ করে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও তিনি জানান।

উন্নয়নমূলক এসব কাজ সম্পন্ন হলে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।