সারাদেশ

নাসিক ৩নং ওয়ার্ডে সুবিধাবাদী আফজালের দাপট: তটস্থ এলাকাবাসী

প্রিন্ট
নাসিক ৩নং ওয়ার্ডে সুবিধাবাদী আফজালের দাপট: তটস্থ এলাকাবাসী

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, রাত ১১:৩৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিএনপি নেতা আফজালের বিরুদ্ধে বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। আওয়ামী শাসনামলে রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেও ৫ই আগস্টের পর পুনরায় ভোল পাল্টে বিএনপিতে সক্রিয় হয়ে ওঠায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় আফজাল হোসেন সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে শ্রমিক লীগ নেতা আব্দুল মতিন মাস্টার ও থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শাহজালাল বাদলের সঙ্গে সখ্য গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, কাউন্সিলর বাদলের অন্যতম অর্থ জোগানদাতা ছিলেন এই আফজাল। নিমাইকাশারী ও বাঘমারা এলাকায় জমি কেনাবেচায় মধ্যস্থতা ও একক আধিপত্য বিস্তারের মাধ্যমে তিনি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

সরকার পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মগোপনে গেলেও আফজাল কৌশল পরিবর্তন করেন। তিনি পুনরায় বিএনপির ছত্রছায়ায় এসে নিজের বলয় ভারী করার চেষ্টা করছেন। জামান, নূরুদ্দিন, শাহিন ওরফে বুট্টা শাহিন, পাখির আলী, আব্দুল বারেকসহ একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অনুসন্ধানে আফজালের বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, ডিএনডি খালের পাড়ে মেলা বসিয়ে চাঁদা তোলা এবং ফুটপাতে ভ্যান গাড়ি থেকে নিয়মিত টাকা আদায়।

সম্প্রতি নিমাইকাশারী এলাকায় একটি নিটিং হোসিয়ারি কারখানায় চাঁদা দাবি ও ব্যবসায়ীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মাদক কারবারিদের দিয়ে লোক দেখানো মাদকবিরোধী অভিযান চালিয়ে ভিন্নমতালম্বীদের হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, আফজালের মতো সুবিধাবাদীদের কারণে দলের ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়ছেন। এখনই এই চক্রকে দমন করা না গেলে ৩নং ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তারা দলের উর্ধ্বতন নীতি নির্ধারকদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।