বুধবার রাত ১২ টার দিকে (১২ মার্চ) উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে মাদককারবারীদের ধাওয়া করে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সহ বিপুল পরিমান মাদক আটক করে। এসময় ২ মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার সরজু মিয়ার ছেলে আবু হানিফ (৩২) ও ঠাকুরবাড়ির টেক এলাকার ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মাদককারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা, এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে মাদকবহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
মতামত