আহত ব্যক্তিরা হলেন,জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর ফারুক, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক এবং তার মামা মোক্তার হোসেন। আহতদের মধ্যে মোক্তার হোসেনের মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে এবং ওমর ফারুকের বাম চোখ গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সাগর মল্লিক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির, বিএনপি কর্মী রবিন ওরফে বাংলা রবিন (২৮), জন্টু (২৯), বিএনপি কর্মী ফরিদ (২৪), ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০), আমির হোসেন (২৯)।
অভিযোগপত্রে বলা হয়, বুধবার রাত ১১টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় স্থানীয় এক চায়ের দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন এনসিপির নেতারা। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা সেখানে এসে উসকানিমূলক কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রথম দফার হামলার পর বৃহস্পতিবার বিকেলেও একই এলাকায় আবারও হামলা চালানো হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
এ বিষয়ে সাগর মল্লিক বলেন, আমরা নিজেদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময় তারা উসকানিমূলক কথা বলতে থাকে। পরে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়।
জাতীয় ছাত্র শক্তির নেতা ওমর ফারুক বলেন, হামলাকারীরা মূলত সুবিধাভোগী একটি চক্র। তারা নিজেদের বিভিন্ন দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
মতামত