সারাদেশ

বীরগঞ্জে ভিজিএফের চাল পাচারের চেষ্টা: জনতার হাতে আটক

প্রিন্ট
বীরগঞ্জে ভিজিএফের চাল পাচারের চেষ্টা: জনতার হাতে আটক

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ১২:০৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মিলনপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা হাতেনাতে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিলনপুর বাজার এলাকায় রাতের আঁধারে ভিজিএফের চাল পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে চালভর্তি বস্তাগুলো আটকে দেয়।

অসহায় ও দরিদ্র মানুষের হক আত্মসাৎ করে এভাবে গোপনে বাজারে চাল বিক্রির চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত এলাকাবাসীর দাবি, এর পেছনে প্রভাবশালী একটি চক্র জড়িত রয়েছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।