সারাদেশ

পাবনা পৌর নির্বাচনে মেয়র পদে লড়তে চান যুবদল নেতা মনির আহমেদ

প্রিন্ট
পাবনা পৌর নির্বাচনে মেয়র পদে লড়তে চান যুবদল নেতা মনির আহমেদ

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ৯:৪০

আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ। রাজপথের ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের নেতা হিসেবে পরিচিত মনির আহমেদকে ঘিরে স্থানীয় সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর ধরে নানা নির্যাতন ও কারাবরণ করেছেন এই নেতা। ত্যাগের কারণে দলের ভেতরে ও বাইরে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

রাজনীতির পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় মনির আহমেদ। তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে এবং বিভিন্ন কোচিং সেন্টারে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। এছাড়া করোনাকালীন ও বিভিন্ন দুর্যোগে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

নির্বাচনী আকাক্সক্ষা ব্যক্ত করে মনির আহমেদ বলেন, পাবনা পৌরসভাকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকমুক্ত একটি আধুনিক শহর হিসেবে গড়তে চাই। সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে আজীবন নিজেকে উৎসর্গ করতে আমি প্রস্তুত।

পৌরসভার সাধারণ ভোটাররা জানান, তারা একজন সৎ, শিক্ষিত ও মানবিক জনপ্রতিনিধি খুঁজছেন। মনির আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন পৌরবাসী।