সারাদেশ

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু: দগ্ধ ছেলেসহ ২

প্রিন্ট
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু: দগ্ধ ছেলেসহ ২

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১০:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) ও মিস্ত্রি সাদিকুর রহমান (৩২) গুরুতর দগ্ধ হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় মজিবর রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। হতাহত সবার বাড়ি স্থানীয় গোলাকান্দাইল এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ওই ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এসময় একটি পাইপ পাশের উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা দগ্ধ দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।