সারাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত: চালক আহত

প্রিন্ট
ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত: চালক আহত

প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, বিকাল ৪:৪৮

ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে কেইয়ান ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকার বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো ট-১৩-৭৩৬৫ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে (ঢাকা থ-১৪-১৩৫৪) সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী প্রাণ হারান। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকচালক জনিকে (৪০) আটক করে গণপিটুনি দেয়। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহামুদুল হক বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।