সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবনে ২ চুলার অনুমোদন জ্বলছে ৪৩টি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বহুতল ভবনে ২ চুলার অনুমোদন জ্বলছে ৪৩টি

প্রকাশিত : ১১ মে ২০২৬, সন্ধ্যা ৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল প্রপার্টি নামে ১০ তলা একটি আবাসিক ভবনে মাত্র দুটি চুলার অনুমোদন থাকলেও অবৈধভাবে ৪৩টি গ্যাসের চুলা ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে সরকার প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা এবং বছরে প্রায় ৬ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হীরাঝিল আবাসিক এলাকার স্কাই প্লাই রেস্টুরেন্টের বিপরীত গলিতে অবস্থিত ৪৫ ফ্ল্যাটের এই ভবনটি সমিতির মাধ্যমে পরিচালিত। অভিযোগ রয়েছে, হীরাঝিল প্রপার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন এসব অবৈধ সংযোগের মূলহোতা। তিনি প্রতিটি ফ্ল্যাট মালিকের কাছ থেকে অবৈধ গ্যাস চুলা বাবদ মাসে ১ হাজার ১০০ টাকা করে মোট ৪৭ হাজার ৩০০ টাকা আদায় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্ল্যাট মালিক জানান, লিফট ও অন্যান্য সার্ভিসের খরচের সঙ্গেই তারা গ্যাস বিল হিসেবে এই টাকা ভবনের অফিসে দিয়ে আসছেন। তবে এই টাকা তিতাস গ্যাসে জমা হচ্ছে নাকি ব্যক্তিগত পকেটে যাচ্ছে, তা তারা জানেন না। এ বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার ইয়াসিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে তড়িঘড়ি করে কল কেটে দেন।

এদিকে, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ শুরু করলে তিতাস গ্যাসের অভিযান থেকে বাঁচতে ফ্ল্যাট মালিকরা সাময়িকভাবে অবৈধ চুলাগুলো খুলে রাখছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ডিজিএম মনিরুল আজিম মোহন বলেন, কেউ অবৈধভাবে গ্যাস সংযোগ বা অতিরিক্ত চুলা ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ ওঠা ওই ভবনে দ্রুতই অভিযান চালানো হবে।