সারাদেশ

শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

প্রিন্ট
শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৬

মাগুরার শ্রীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো।

এ সময় উপজেলার মোট ৩০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাথাপিছু ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এই মানবিক সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে সরকারের এই ধারা অব্যাহত থাকবে।