সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মনা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মনা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, রাত ১১:৪৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আইয়ুব নগর এলাকায় আব্দুল মান্নান ওরফে মনা ও তার ছেলে ফয়সালের অবৈধ কর্মকাণ্ড, জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় আইয়ুব নগর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত বাপ-ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, আব্দুল মান্নান মনা ও তার ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি তারা আইয়ুব নগর এলাকার প্রধান গ্যাস লাইনের চাবি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে। পরবর্তীতে রান্নার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার নাম করে প্রতিটি বাড়ির মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই চক্রের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, মনা ও তার ছেলে গত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রয়াত আনিস মহাজন ও শ্রমিক লীগ নেতা কবির হোসেনের ছত্রছায়ায় তারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল, যার অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ৫ আগষ্টের পটপরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে মনা এখন বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে। বর্তমানে তার নিজস্ব বাহিনীর মাধ্যমে বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে।

সাইলো গেট এলাকার এক বাসিন্দা সংবাদ সম্মেলনে জানান, মনা কেবল দখলবাজি নয়, বরং সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় এবং নারী কেলেঙ্কারিসহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তার হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ সাধারণ মানুষও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, মনা ও ফয়সালের অত্যাচারে আইয়ুব নগরের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ। তারা একেক সময় একেক রাজনৈতিক দলের পরিচয় দিয়ে নিজেদের আখের গুছিয়েছে। আমরা প্রশাসনের কাছে এই দখলবাজ ও চাঁদাবাজ চক্রের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচার দাবি করছি।

এলাকাবাসী আরও জানান, যদি দ্রুত এই বাপ-ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।