সারাদেশ

ধর্মপাশায় বাস কাউন্টারে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ: যাত্রীদের নাভিশ্বাস

প্রিন্ট
ধর্মপাশায় বাস কাউন্টারে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ: যাত্রীদের নাভিশ্বাস

প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, রাত ৯:০৩

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিজয় ২৪ চত্বর এলাকার একটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে ধর্মপাশা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া ৪৫০ টাকা। কিন্তু বিজয় ২৪ চত্বরের ওই কাউন্টার থেকে টিকিট প্রতি ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ঈদ-পরবর্তী যাত্রীদের বাড়তি চাপকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে বলে জানান সাধারণ যাত্রীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুইটি টিকিটের দাম ৯০০ টাকা হওয়ার কথা থাকলেও আমার কাছে ১৮০০ টাকা দাবি করা হয়েছে। প্রতিবাদ করলে টিকিট দিতে গড়িমসি করে, তাই বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে যেতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্টার কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। তবে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় পরিবহন খাতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দ্রুত এই অরাজকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।