সারাদেশ

সাঁথিয়ায় বাগচী ফাউন্ডেশনর যাত্রা শুরু: কলেজ প্রতিষ্ঠার ঘোষণা

প্রিন্ট
সাঁথিয়ায় বাগচী ফাউন্ডেশনর যাত্রা শুরু: কলেজ প্রতিষ্ঠার ঘোষণা

প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, রাত ৯:৫৯

পাবনার সাঁথিয়ায় প্রয়াত জননেতা ও পুন্ডুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন আলী বাগচীর জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বাগচী ফাউন্ডেশনর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে পুন্ডুরিয়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শিল্পপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব আলী বাগচী প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের কার্যালয় ও বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি এলাকার শিক্ষার মানোন্নয়নে পুন্ডুরিয়া গ্রামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রয়াত হোসেন আলী বাগচীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষা ও আর্তমানবতার সেবায় এই প্রতিষ্ঠানটি কাজ করবে। এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্রদের হজের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফাউন্ডেশনের সাফল্য কামনা করা হয়।