সারাদেশ

বান্দরবান পৌরসভা নির্বাচন: প্রশাসক প্রথায় ভোগান্তি আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা

প্রিন্ট
বান্দরবান পৌরসভা নির্বাচন: প্রশাসক প্রথায় ভোগান্তি আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ১:৩০

বান্দরবান দীর্ঘদিন ধরে প্রশাসকের অধীনে চলছে বান্দরবান পৌরসভার কার্যক্রম। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও ভোগান্তি। তবে সম্প্রতি নির্বাচন হওয়ার গুঞ্জন শুরু হওয়ায় শহরের চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই এখন প্রধান আলোচনার বিষয় কে হচ্ছেন পরবর্তী মেয়র।

বিএনপির একাধিক দাবিদার, নির্বাচনী আলোচনায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা। দলের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, সদস্য নাছির উদ্দীন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লা আজিজ। দলের জন্য ত্যাগী হিসেবে পরিচিত এই চার নেতাই মনোনয়নের ব্যাপারে আশাবাদী। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার জানিয়েছেন, দল যাকে চূড়ান্ত করবে, সবাই তার পক্ষেই কাজ করবেন।

প্রস্তুতি নিচ্ছে জামায়াত ও আওয়ামী লীগ, নির্বাচনে অংশগ্রহণের জোরালো ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। জেলা আমির এস এম আব্দুচ ছালাম আজাদ জানান, জামায়াত স্থানীয় সরকারের সকল নির্বাচনে অংশ নেবে এবং সময়মতো প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনের পর পাহাড়ের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সরব হতে দেখা যাচ্ছে। স্থানীয়দের আলোচনায় সাবেক মেয়র শামসুল ইসলামের নাম ঘুরেফিরে আসছে।

সাধারণ নাগরিকদের প্রত্যাশা, দ্রুত নির্বাচনের মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসুক, যিনি পৌরসভার স্থবিরতা কাটিয়ে নাগরিক সেবায় গতি ফেরাবেন।