সারাদেশ

৩ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ ও ফটক সভা

প্রিন্ট
৩ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ ও ফটক সভা

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২৬, রাত ১১:৫১

তিন দফা দাবি আদায়ে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক -কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও ফটক সভা করেছেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মিলগেট চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকদের ৩ দফা দাবি হলো, দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মৌসুমী শ্রমিকদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে পূর্বের ন্যায় সমন্বয় করা। পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা। মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিকদের অবিলম্বে ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান করা।

মিলগেট চত্বরে আয়োজিত ফটক সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হলে দক্ষ জনবল ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষা অপরিহার্য। আগামী ১০ দিনের মধ্যে এসব দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল মিলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।