সারাদেশ

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এনসিপির সহায়তা

প্রিন্ট
বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এনসিপির সহায়তা

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ১০:০৮

নারায়ণগঞ্জের বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লিটন সাহেবের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিনের নির্দেশনায় মঙ্গলবার এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী পৌঁছে দেন।

গত সোমবার (১০ আগস্ট) সকালে বন্দর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লিটন সাহেবের বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এনসিপি নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি বলেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমাদের এমপি আব্দুল্লাহ আল-আমিন ভাই ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এটি নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাভুক্ত এলাকা হওয়ায়, স্থানীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের বিত্তবানদেরও সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

এ সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় বন্দর ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান এনসিপি নেতারা।

পরিদর্শনকালে এনসিপির মহানগর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সিফাত দেওয়ান, বন্দর থানা আহ্বায়ক নাইমুরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।