সারাদেশ

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

প্রিন্ট
নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, রাত ৯:৪৮

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়।

গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণ করা ২৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা মাত্র ৯ মাসের মাথায় বদলি হলেন। একই প্রজ্ঞাপনে জনস্বার্থে আরও কয়েকজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে

কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে বদলি করা হয়েছে। বর্তমান এসপি মো. শরিফ উদ্দিনকে পাঠানো হয়েছে হাইওয়ে পুলিশে।

পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার এসপি করা হয়েছে এবং বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলাম কুষ্টিয়ার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, অবিলম্বে এ বদলি আদেশ কার্যকর হবে।