সারাদেশ

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযান: ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রিন্ট
কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযান: ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, রাত ১২:০৭

নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কোস্ট গার্ড স্টেশন পাগলা কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ওই বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। তবে মানবিক কারণে চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পরিবেশ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।