সারাদেশ

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রিন্ট
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৩৫

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন এবং সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটনের সঙ্গে এলাকার সাকিব গ্রুপ নামে একটি পক্ষের পূর্ববিরোধ ছিল। গত শনিবার ওই গ্রুপের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর পরদিন রবিবার রাতে লিটন রতনপুর এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।