সারাদেশ

রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

প্রিন্ট
রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৪

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সরকার ক্রীড়াবিদদের উন্নয়নে ১২৯ জনকে মাসিক ভাতা প্রদান করছে এবং আরও ৫০০ জনের তথ্য যাচাই করা হচ্ছে। এছাড়া তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে ১২-১৪ বছর বয়সীদের জন্য নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম দ্রুতই চালু করা হবে। তিনি বিশ্বমঞ্চে দেশের গৌরব বাড়াতে একটি রাজনীতিমুক্ত ও শক্তিশালী ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে মাঠ দখলমুক্ত করা ও নতুন খেলার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।