সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আইফোনের প্রলোভনে শিশুর ৭৪ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আইফোনের প্রলোভনে শিশুর ৭৪ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৪

ঠাকুরগাঁওয়ে ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক ও তার পরিবার। সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই ঘটনায় সোমবার (৬ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে Mustakim Bappi Official নামের একটি ফেসবুক পেজ থেকে আইফোন জেতার টোপ দেওয়া হয়। এরপর কুরিয়ার চার্জ ও ট্যাক্সের নাম করে বেশ কয়েকটি বিকাশ নম্বরের মাধ্যমে শিশুটির কাছ থেকে মোট ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

টাকা নেওয়ার পর প্রতারক চক্রটি দমে না গিয়ে উল্টো ডিসি-এসপি পরিচয়ে শিশুটিকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে। আরও ২৫ হাজার টাকা দাবি করে ০১৯৪৯৮৯৫৯৯৮ সহ কয়েকটি ইমু নম্বর থেকে পরিবারটিকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতারক চক্রটিকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের সাইবার টিম কাজ শুরু করেছে।