সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নাসিক প্রশাসকের গণশুনানি: নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নাসিক প্রশাসকের গণশুনানি: নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, রাত ১২:১৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জে সরাসরি অফিস করে নাগরিকদের অভাব-অভিযোগ শুনেছেন। সোমবার (৭ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫নং ওয়ার্ডের একটি অস্থায়ী কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নানা সমস্যার কথা প্রশাসকের সামনে তুলে ধরেন। সাখাওয়াত হোসেন খান মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

গণশুনানি শেষে নাসিক প্রশাসক ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাসিক-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসকের এমন সরাসরি উদ্যোগে দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের পথ সুগম হবে।