সারাদেশ

শেরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন ও পুলিশকে ডিআইজির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

প্রিন্ট
শেরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন ও পুলিশকে ডিআইজির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৬, রাত ৯:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী তিনি দুই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

সকালে ডিআইজি ঝিনাইগাতী থানায় পৌঁছালে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাঁকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর শ্রীবরদীর আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ এবং ঝিনাইগাতীর আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজে পৃথক দুটি ব্রিফিং প্যারেডে অংশ নেন ডিআইজি। নির্বাচনী স্ট্রাইকিং ফোর্সের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

ব্রিফিং শেষে তিনি বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি সিসিটিভি কাভারেজ ও ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার নির্দেশ দেন। স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে তিনি কোনো প্রকার ভয়ভীতি ছাড়া ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁয়া নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।