সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জমি ব্যবসার মধ্যস্থতাকারীকে অপহরণ ও চেকে সই নেওয়ার অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জমি ব্যবসার মধ্যস্থতাকারীকে অপহরণ ও চেকে সই নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮:৫৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. শামিম (৪২) নামে এক জমি ব্যবসার মধ্যস্থতাকারীকে অপহরণ ও মারধর করে তিনটি ব্যাংক চেকে জোরপূর্বক সই নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ ফেব্রুয়ারি রাতে সিআইখোলা রনি সিটি এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী শামিম সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শামিম মিজমিজি টিসি রোড এলাকার চাঁন মিয়ার ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালে গোলাম মোহাম্মদ নামের এক ব্যক্তি শামিমের মাধ্যমে কদমতলী এলাকায় জমি কেনার জন্য ১০ লাখ টাকা বায়না করেন। পরবর্তীতে গোলাম মোহাম্মদ জমিটি কিনতে না চাইলে বিক্রেতা ফুলমতি বেগম বায়নার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গোলাম মোহাম্মদ মধ্যস্থতাকারী শামিমকে টাকার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় শামিম আদালতে একটি মামলাও করেন।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে শামিম বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে প্রাণনাশের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা এফবিএল ব্যাংকের তিনটি চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। বিবাদীরা এখন সেই চেক ব্যবহার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে শামিম জানান। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।