সারাদেশ

শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু

প্রিন্ট
শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা শুরু

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১০:০৪

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। বুধবার (৮ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাজমুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের বিকল্প নেই। এই মেলা শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। মেলায় প্রদর্শনী ছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন চলবে আগামীকাল ৯ এপ্রিল পর্যন্ত।