সারাদেশ

আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি আহত ২: এলাকায় উদ্বেগ

প্রিন্ট
আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি আহত ২: এলাকায় উদ্বেগ

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১১:০৫

ঢাকার আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ফাঁড়ি চালুর পরদিনই দিনে-দুপুরে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে চিত্রশাইল-কান্দাইল এলাকার রাজাবাদশা মোড়ে ৫ রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় আলামিন (৩০) ও পারভেজ (২২) নামে দুই যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলামিন জানান, তিনি পেশায় ঠিকাদার। ভোরে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আলামিনের দাবি, হামলাকারীদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী শুটার বাপ্পি, কামরুল ও লেংরা রাসেল ছিল। এদের মধ্যে বাপ্পি এর আগেও ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অভিযুক্ত।

স্থানীয় বাসিন্দা সালাম মৃধা জানান, ভোরে অন্তত ৫ বার গুলির শব্দ শুনেছেন তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এমন কোনো ঘটনার তথ্য এখনো আমাদের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জামগড়া পুলিশ ফাঁড়ি চালুর পরপরই এমন দুর্ধর্ষ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।