সারাদেশ

সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউপি ডিজিটাল সেন্টারের পরিচালককে মারধর

প্রিন্ট
সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউপি ডিজিটাল সেন্টারের পরিচালককে মারধর

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৬, রাত ১১:৩৪

পাবনার সাঁথিয়ায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মো. আনোয়ার হোসেনকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে অভিযুক্ত চাঁদ আলীর বিরুদ্ধে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার চাঁদ আলী আনোয়ার হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার দুপুরে আনোয়ার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি পুনরায় চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারী তার গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং একটি দামি মোবাইল ফোন ভেঙে ফেলেন।

আনোয়ার হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাঁথিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।