সারাদেশ

ধলেশ্বরী নদী দখলের চেষ্টা: ড্রেজারের পাইপ গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

প্রিন্ট
ধলেশ্বরী নদী দখলের চেষ্টা: ড্রেজারের পাইপ গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১২:২১

নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীর দখল ও ভরাটের চেষ্টা পণ্ড করে দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (৮ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে বালু ভরাটের ড্রেজার পাইপ ও বাঁশের পাইলিং ভেঙে দেয় নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র মোল্লা সল্টের পক্ষ হয়ে নদীর তীরে বাঁশের আড়গাড়া দিয়ে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দখলকারীরা ড্রেজার নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ধলেশ্বরীর এই অংশে সীমানা পিলার না থাকার সুযোগে প্রভাবশালীরা নদীর তীরকে নিজস্ব জমি দাবি করে শিল্প প্রতিষ্ঠান ও বনায়ন গড়ে তোলার চেষ্টা করছে। এতে নৌপথ সংকুচিত হওয়ার পাশাপাশি নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

অভিযুক্ত গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন নদী দখলের বিষয়টি অস্বীকার করেছেন। তবে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, দখলকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। স্থানীয়ভাবে আমরা রাজনৈতিক নেতাদের জড়িত থাকার তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদী দখলকারী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।