সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শুরু হলো তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে শুরু হলো তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ৯:৩৬

ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজার ফুটবল খেলার মাঠে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে ঐতিহাসিক ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ। এ বছর উৎসবটি ২৬তম অধিবেশনে পদার্পণ করেছে। দীর্ঘদিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পুরো গড়েয়া বাজার এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

আয়োজক কমিটি জানায়, ২৬তম এই অধিবেশনকে সফল করতে কয়েক দিন ধরেই চলছিল বর্ণিল আলোকসজ্জা ও বিশালাকার প্যান্ডেল তৈরির কাজ। উৎসবের প্রথম দিনেই ঠাকুরগাঁও সদরসহ জেলার বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নেমেছে গড়েয়া বাজার মাঠে। দেশের নামকরা বিভিন্ন কীর্তনীয়া দল এই মহোৎসবে নামসুধা পরিবেশন করছেন।

বিশাল এই জনসমাগম সামাল দিতে এবং ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ নিশ্চিত করতে কয়েকশ স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করছেন। উৎসব উদযাপন কমিটির সদস্যরা জানান, শুধু ধর্মীয় উপাসনা নয়, এই যজ্ঞকে কেন্দ্র করে স্থানীয় সব ধর্মাবলম্বীদের মাঝে এক সম্প্রীতির মিলনমেলা সৃষ্টি হয়েছে।

আগামী তিন দিন হরিনাম সংকীর্তনে মুখরিত থাকবে গড়েয়া জনপদ। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিশেষ নজরদারি রাখছে আয়োজক কর্তৃপক্ষ।