সারাদেশ

রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রিন্ট
রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ৯:৫০

রংপুরের মিঠাপুকুরে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. নিফুল মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। বুধবার (৯ এপ্রিল) ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ জুলাই ভুক্তভোগী নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে নিফুল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী হলেও ইশারার মাধ্যমে পরিবারের কাছে নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঘটনার পর থেকেই নিফুল মিয়া আত্মগোপনে ছিল। র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।