সারাদেশ

শ্রীবরদী ঝিনাইগাতী উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী মাহমুদুল হক রুবেল

প্রিন্ট
শ্রীবরদী ঝিনাইগাতী উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী মাহমুদুল হক রুবেল

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১০:০০

শেরপুর-৩ শ্রীবরদী ঝিনাইগাতী আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। বেসরকারি ফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রুবেল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। সব মিলিয়ে ৫২ দশমিক ১৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি প্রার্থী মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কিছু স্থানে জাল ভোটের চেষ্টার অভিযোগে জড়িতদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করায় তিনি শ্রীবরদী ও ঝিনাইগাতীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।