সারাদেশ

পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর থাকবো: সদর ইউএনও

প্রিন্ট
পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর থাকবো: সদর ইউএনও

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৭

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে ইউএনও আরও বলেন, কোনো বিষয়কে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়লে তবেই ভালো ফলাফল সম্ভব। নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে তিনি পরীক্ষা শুরুর আগেই বিদ্যালয়টিতে ৭২টি নতুন বেঞ্চ প্রদানের ঘোষণা দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।