সারাদেশ

সাইবার আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ: মামুন মাহমুদ

প্রিন্ট
সাইবার আসক্তি মাদকের চেয়েও ভয়াবহ: মামুন মাহমুদ

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, রাত ১০:১৭

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের তরুণ সমাজ ভয়াবহ সাইবার নেশায় ডুবে যাচ্ছে। স্মার্টফোনের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় করা মাদকের চেয়েও মারাত্মক। পরবর্তী প্রজন্মকে এই ধ্বংসাত্মক পথ থেকে বের করে আনা আমাদের নৈতিক দায়িত্ব।

শনিবার (১১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় খেলাধুলাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যে ঘোষণা রয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা হবে। প্রতিটি স্কুলে ফুটবল ও ক্রিকেটের জন্য আলাদা ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বর্তমান প্রশাসনের।

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা) কাজী রোমানা নাসরিন, জেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ ও নজরুল ইসলাম বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসাইন ও অপু প্রধান। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।