সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে হকার ও অবৈধ পার্কিং উচ্ছেদে কাল থেকে বড় অভিযান

প্রিন্ট
নারায়ণগঞ্জ শহরে হকার ও অবৈধ পার্কিং উচ্ছেদে কাল থেকে বড় অভিযান

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, রাত ১১:২১

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডে (বিবি রোড) হকার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ পার্কিং বন্ধে সোমবার ১৩ এপ্রিল থেকে সাঁড়াশি অভিযানে নামছে প্রশাসন। রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে গত ৫ এপ্রিল এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের ফুটপাত দখল ও অননুমোদিত পার্কিংয়ের কারণে সৃষ্ট চরম জনদুর্ভোগ লাঘব করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানটি সোমবার সংসদ সদস্য আবুল কালাম ও নাসিক প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে। এই মেগা অভিযানে সিটি কর্পোরেশন ছাড়াও জেলা পুলিশ, র‌্যাব-১১, আনসার ও স্কাউটসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।

প্রশাসনের পক্ষ থেকে ১৩ এপ্রিল থেকে বিবি রোডে হকার না বসা এবং অবৈধ পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান সফল করতে সর্বস্তরের নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।