সারাদেশ

নারায়ণগঞ্জে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান

প্রিন্ট
নারায়ণগঞ্জে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৫৩

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও পথচারীদের ভোগান্তি লাঘবে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাখাওয়াত হোসেন খান যানজট নিরসন ও হকার উচ্ছেদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন তিনি। অভিযানে অনেক হকার স্বেচ্ছায় সরে গেলেও যারা দখল ধরে রেখেছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ দখলের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে এই অভিযান শুরু হয়েছে এবং শহর হকারমুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। যেকোনো চাপ উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।

উচ্ছেদ অভিযানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএ পরিচালক সোহেল মোর্শেদ, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদুসহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ। সাধারণ নগরবাসী সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।