সারাদেশ

নিতাইগঞ্জে যৌথ অভিযান: ৩২ টন টিসিবির আটা উদ্ধার

প্রিন্ট
নিতাইগঞ্জে যৌথ অভিযান: ৩২ টন টিসিবির আটা উদ্ধার

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, রাত ১০:০৭

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩২ টন ৫০০ কেজি টিসিবির আটা উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল প্যাকেজিং ও আটা মজুদের অপরাধে তিনজনকে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়। শনিবার রাতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিজিবি এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। উপস্থিত ছিলেন ৬২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিংয়ের অপরাধে মেসার্স বি কে ফুড প্রোডাক্টস-এর মালিক গৌতম চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নিতাইগঞ্জের বংশাল রোডের এস ডি ফ্লাওয়ার মিলস্ এবং গাউসুল আজম ফুড মিল থেকে ৬৫০ বস্তা (৩২.৫ টন) টিসিবির আটা উদ্ধার করা হয়।

সরকারি পণ্য অবৈধভাবে মজুদের অপরাধে ওই দুই প্রতিষ্ঠানের ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে অবৈধভাবে মজুদকৃত সব মালামাল।