সারাদেশ

নবচেতনায় বর্ষবরণ: উৎসবে মাতল নেত্রকোনা

প্রিন্ট
নবচেতনায় বর্ষবরণ: উৎসবে মাতল নেত্রকোনা

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৬, বিকাল ৩:১৯

হে বৈশাখ বছর ঘুরে চৈত্রের খরতাপে পুড়ে- তুমি এসেছো আবার ফিরে, নবচেতনায় নববর্ষের সাজে বাঙালির তরে। এই আহ্বানে ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে নেত্রকোনাবাসী। মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে সকাল থেকেই জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন আর ঐতিহ্যবাহী লোকজ অনুষঙ্গে সেজেছিল পুরো শহর। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেন।

শহরের পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। নবচেতনায় নতুন বছরকে স্বাগত জানাতে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেত্রকোনাকে রূপ দিয়েছিল উৎসবের নগরীতে।