সারাদেশ

১৭ হাজার অটোরিকশার ভার শহর নিতে পারছে না: এনসিসি প্রশাসক

প্রিন্ট
১৭ হাজার অটোরিকশার ভার শহর নিতে পারছে না: এনসিসি প্রশাসক

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, রাত ৯:৩৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ঢাকা শহরের মতো বিশাল এলাকায় যেখানে মাত্র ২০ হাজার অটোরিকশার অনুমোদন রয়েছে, সেখানে নারায়ণগঞ্জের মতো ছোট শহরে ১৭ হাজারের বেশি অটোরিকশা চলছে। এই অতিরিক্ত যানবাহনের ভার শহরটি আর নিতে পারছে না।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের নিতাইগঞ্জ পাইকারি ব্যবসা কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে হিন্দু-মুসলিম ব্যবসায়ীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হালখাতা উৎসবে অংশ নিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাবিকাঠি। তারা যেন নির্ভয়ে ব্যবসা করতে পারেন, তা আমরা নিশ্চিত করব। গত ২০ বছরে যা হয়নি, আগামী দুই বছরে নারায়ণগঞ্জকে আমরা তেমন ঝকঝকে ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলব। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমান পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

শহরকে যানজটমুক্ত করতে হকার উচ্ছেদ ও অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রশাসক। তিনি বলেন, নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা মেরামতের পাশাপাশি পানির সমস্যা সমাধানেও কাজ চলছে। এছাড়া নারায়ণগঞ্জে মানসম্মত স্কুল ও হাসপাতাল না থাকায় ব্যবসায়ীরা সপরিবারে ঢাকা চলে যাচ্ছেন। এই সমস্যা সমাধানে চীনের সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় নিতাইগঞ্জ পাইকারি ব্যবসার মালিক সমিতির সভাপতি শংকর সাহাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।