সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদে সংঘর্ষ ও মহাসড়ক অবরোধ আহত ৫

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদে সংঘর্ষ ও মহাসড়ক অবরোধ আহত ৫

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, রাত ১০:০৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ হকাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব।

হকারদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সাবেক ছাত্রদল নেতা রাজু, হাবিব ও তানভীরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু দাবি করেন, যানজট নিরসনে হকার সরাতে গেলে হকার রুবেল তাদের কর্মীকে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হকারদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।