স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে কর্মস্থলে রড নিয়ে তুচ্ছ ঘটনার জেরে রাজমিস্ত্রি আহসান হাবীবের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এর জেরে গত শুক্রবার (১ মে) রাত সাড়ে সাতটার দিকে কিশোর গ্যাং লিডার সাকিবের নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে আহসান হাবীবের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে কিশোর আব্দুল্লাহ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেধড়ক মারধর ও লাথি-ঘুষি মারতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আব্দুল্লাহর বাম পায়ের উরুতে সজোরে আঘাত করলে তার হাড় ভেঙে যায়। আহত আহসান হাবীবকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আব্দুল্লাহর জখম গুরুতর হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রামে রেফার করা হয়।
ভরাখালী ও আশপাশের এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। জানা গেছে, মূল অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা রয়েছে। এই বর্বরোচিত হামলার ঘটনায় বান্দরবান সদর থানায় নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানায়, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতা শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী ও সচেতন মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত