স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর বাকবিতণ্ডা হয়। এর জেরে বিল্লাল রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
সোমবার দুপুরে বরুনা এলাকায় বিষয়টি মীমাংসার জন্য সালিশের আয়োজন করা হয়। সেখানে রফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন নিজ নিজ সমর্থক নিয়ে উপস্থিত হন। সালিশ চলাকালে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও বাড়িঘরে হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে রফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন খাঁ পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুজনেরই দাবি, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা, গুলিবর্ষণ ও লুটপাট চালিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত