সারাদেশ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

প্রিন্ট
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ১১:০৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৮) নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা এবং দুই মেয়ের জনক।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে বাসা থেকে কর্মস্থল আড়াইহাজারে যাচ্ছিলেন। মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পলাতক ট্রাক চালককে শনাক্ত ও আটকের চেষ্টাসহ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।