সারাদেশ

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

প্রিন্ট
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ৭ আগস্ট ২০২৬, রাত ১১:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি টিম অভিযান পরিচালনা করে। এসআই মো. তারেক সুমনের নেতৃত্বে একটি টিম বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদ এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে। অন্যদিকে, এসআই মো. নাজমুল ইসলাম ও এসআই মো. সালেকুজ্জামানের যৌথ টিম সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনি থেকে রাজিবুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি। মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।