সারাদেশ

ফতুল্লায় জাপান-বাংলাদেশ যৌথ ফিশ প্রসেসিং প্ল্যান্ট অস্তিত্ব সংকটে

প্রিন্ট
ফতুল্লায় জাপান-বাংলাদেশ যৌথ ফিশ প্রসেসিং প্ল্যান্ট অস্তিত্ব সংকটে

প্রকাশিত : ৭ আগস্ট ২০২৬, রাত ১১:৩৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অধীন গড়ে ওঠা জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগের রপ্তানিমুখী প্রতিষ্ঠান শুভ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিনের ইউটিলিটি সংকট ও প্রশাসনিক জটিলতায় বন্ধ হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। সরকারের শিল্প কারখানা সচল করার উদ্যোগ থাকা সত্ত্বেও বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় কোটি কোটি টাকার বিদেশি বিনিয়োগ এখন মারাত্মক ঝুঁকির মুখে।

২০০৫ সালে তৎকালীন বিনিয়োগ বোর্ডের নিবন্ধনের মাধ্যমে জাপানি নাগরিক হাসেগাওয়া হিদেতাকার সভাপতিত্বে প্রকল্পটি যাত্রা শুরু করে। তবে ২০১৮ সালে বিএফডিসির কাছ থেকে প্ল্যান্ট বুঝে নেওয়ার পর থেকেই বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। বিএফডিসির আওতাধীন সাবেক একটি বরফ কলের অবৈধ ব্যবহারকারীদের ৬৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নতুন কোনো সংযোগ দিচ্ছে না। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুযায়ী জাপানি প্রযুক্তির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন আটকে আছে। এছাড়া চত্বরে বিএফডিসির অননুমোদিত যানবাহন ফেলে রাখা এবং বহিরাগতদের হস্তক্ষেপে উৎপাদন পরিবেশ ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ জানান, ইউটিলিটি সংযোগ মিললে বছরে প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি সহস্রাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। অনতিবিলম্বে বিদ্যুৎ-পানি সংযোগ সচল এবং চত্বর থেকে বিএফডিসির মালামাল অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন। বিএফডিসি চত্বরের অতীত অনিয়ম ও বকেয়া জটিলতা নিরসন করে দেশের রপ্তানি স্বার্থে কারখানাটি চালুর জন্য প্রধানমন্ত্রী ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিনিয়োগকারীরা।