সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, ভারতে মুসলমানদের ওপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হচ্ছে এবং মসজিদ-মাদ্রাসায় হামলা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত সরকার দ্রুত এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ভারতীয় হাইকমিশন ঘেরাও এবং নির্যাতিত মুসলিম ভাইদের রক্ষায় ভারত অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি ভারত সরকারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান।
উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান ও মুফতী মাসুম বিল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান।
মতামত