সারাদেশ

সিরাজদিখানে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

প্রিন্ট
সিরাজদিখানে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ: সৎ মামা আটক

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ১০:১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মামা রাজা মিয়ার (৩৫) বিরুদ্ধে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রাম থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে পুলিশ।

নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। আটক রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি গত ৬ বছর ধরে ওই পরিবারের সাথেই বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবার পুলিশে খবর দেয়। বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মামাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।